বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় সংসদ নির্বাচনের পর সংস্কারের একটি অংশ বাস্তবায়ন হলেও অন্য অংশটি বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিবাদ নতুন করে সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারকে সাহসী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘ঐক্য বজায় থাকলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে সাহস পাবে না। ফ্যাসিবাদ প্রশ্নে সরকারকে বলব বুক টান করে সোজা হয়ে দাঁড়ান, পুরো দেশ আপনাদের পাশে দাঁড়াবে।’
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘পোশাকশ্রমিকরা দাবি আদায়ে তাদের কারখানায় আন্দোলন করতে পারে, কিন্তু লোহার ফ্যাক্টরি বা বিদ্যুৎ অফিসে হামলা কেন? এর মধ্যে তৃতীয় কোনো শক্তি ঢুকে দেশের অগ্রগতি তছনছ করে দিচ্ছে। এদের দ্রুত পাকড়াও করতে হবে।’
গত কয়েকদিন ধরে সারা দেশে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপক নাশকতা চললেও সরকারের সুনির্দিষ্ট নীতিকৌশল ও দৃশ্যমান অগ্রগতি জাতির সামনে স্পষ্ট নয় বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, বিদেশের সঙ্গে সম্পাদিত সব দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি জাতীয় সংসদে পেশ করতে হবে। বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে কোনো চুক্তি বা আলোচনা হয়ে থাকলে আগামী অধিবেশনে তা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘অতীতে আন্তর্জাতিক চুক্তি নিয়ে অনেক লুকোচুরি হয়েছে। এখন নির্বাচিত সংসদ, এখানে আর কোনো লুকোচুরি চলবে না।’
বর্তমান সংসদকে অন্তত ১ হাজার ৪০০ শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত ‘মজলুম ও ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, বিগত সাড়ে ১৫ বছরে অসংখ্য মানুষকে খুন, জুডিশিয়াল কিলিং, আয়নাঘরে নির্যাতন ও গুম করা হয়েছে। সংসদে উপস্থিত বিএনপি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার স্বামী সাবেক এমপি ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজও হাজারো ইলিয়াস আলীর পরিবার জানে না তাদের স্বজনরা জীবিত না মৃত।
এ ছাড়া আমদানি, অভ্যন্তরীণ সরবরাহ ও রপ্তানি খাত থেকে সব ধরনের সিন্ডিকেটের কালো ছায়া ভেঙে দিয়ে উৎপাদক ও ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ডা. শফিকুর রহমান।