বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর মিরপুরের রূপনগরে প্রকাশ্যে নূপুর আক্তার (২৬) নামে এক নারী পোশাকশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে এক তরুণ। আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া একটার দিকে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তরুণ রায়হানকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী নূপুর আক্তার ভোলার লালমোহনের মোখলেছুর রহমানের মেয়ে। তিনি রূপনগর আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় ভিশন অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, দুপুরের খাবারের বিরতিতে সহকর্মীদের সঙ্গে বাসায় ফিরছিলেন নূপুর। এ সময় পেছন থেকে কালো টি-শার্ট পরা এক তরুণ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। নূপুর হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করে মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারী তাকে কোপাতে থাকেন। এ সময় সঙ্গে থাকা নারীরা ভয়ে সরে যান এবং আশপাশের লোকজন চিৎকার করলেও এগিয়ে যেতে সাহস পাননি। পরে হামলাকারী পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, আটক রায়হানের সঙ্গে নূপুরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মুঠোফোন পরীক্ষা করে বার্তা আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে। সম্পর্কের টানাপোড়েন ও মনোমালিন্যের জেরে ক্ষিপ্ত হয়ে রায়হান এই হামলা চালিয়েছেন।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে প্রেমঘটিত কারণেই নূপুরকে কোপানোর তথ্য পাওয়া গেছে এবং অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূপুরের ফুফাতো ভাই আবদুল মান্নান জানান, আগামী মাসের ১২ তারিখে নূপুরের বিয়ের দিন ঠিক হয়েছিল। সেই ক্ষোভ থেকেই তার ওপর এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।