বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী শেষ ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেছিলেন জো বাইডেন। গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান ও ব্যাপক প্রাণহানির মধ্যেই নেতানিয়াহুকে তিনি বলেছিলেন, ‘আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় ভাই।’ ২০২৫ সালের জানুয়ারিতে দুই নেতার মধ্যে এই কথোপকথন হয়েছিল।
জো বাইডেনের আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি আমেরিকা’ থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। বইটির একটি অংশ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
স্মৃতিকথায় উল্লেখিত ওই ফোনালাপে বাইডেন নেতানিয়াহুকে বলেন, ‘আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু আপনি জানেন, আমি আপনাকে এখনো ভালোবাসি, প্রিয় ভাই।’
শুধু ভালোবাসা প্রকাশই নয়, নেতানিয়াহুকে একজন ‘ভালো মানুষ’ হিসেবেও আখ্যা দিয়েছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপে বাইডেন আরও বলেন, ‘আমি জানি না, আপনি কীভাবে সবকিছু সামলেছেন। ভবিষ্যতে আমার সামনে কোনো কঠিন পরিস্থিতি এলে আমি আপনার কথা স্মরণ করব। আপনি একজন ভালো মানুষ এবং আমি আপনাকে সমর্থন করি। আপনি যা করেছেন, তার জন্য অনেক সাহসের প্রয়োজন ছিল।’
তবে স্মৃতিকথার অন্য একটি অংশে নেতানিয়াহুর সমালোচনাও করেছেন জো বাইডেন। সেখানে তিনি জানান, গাজার বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে নেতানিয়াহু তাকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে বইটিতে অভিযোগ তুলেছেন বাইডেন।