বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ঘিরে নতুন করে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। এমনকি বাণিজ্যিক প্রচারণায় অনুমতি ছাড়া তার নাম ও ছবি ব্যবহার বন্ধ করতে এএফএ-কে আইনি নোটিশ পাঠানোরও উদ্যোগ নিয়েছেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘এ২৪’-এর অনুষ্ঠান ‘ওয়াইফাই’-তে সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বিরোধের সূত্রপাত একটি বিয়ার স্পন্সরকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের বিয়ার ব্র্যান্ড ‘মিশেলব’-এর সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি রয়েছে। কিন্তু এএফএ সভাপতি তাপিয়ার অনুমোদনে সংস্থাটির স্থানীয় এক বিয়ার স্পন্সর নিজেদের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করে। এতে মিশেলবের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মেসি ও তার পরিবার। এরপরই তিনি এএফএ-কে আইনি নোটিশ দেওয়ার নির্দেশ দেন।
এএফএর ওপর মেসির অসন্তোষের আরেকটি কারণ জাতীয় দলের হয়ে তার বিদায়ী ম্যাচের অব্যবস্থাপনা। গত অক্টোবরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। ম্যাচের আগে শব্দ ব্যবস্থাপনায় ত্রুটির পাশাপাশি ড্রোন প্রদর্শনীতে বাঁ পায়ের ফুটবলার মেসিকে ডান পায়ে বল মারতে দেখানো হয়, যা নিয়ে দর্শকদের দুয়োধ্বনিও শোনা যায়।
এ ছাড়া ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি লঙ্ঘনের অভিযোগে ভিআইডি মিউজিক গ্রুপ এলএলসি নামের একটি প্রতিষ্ঠান এএফএর পাশাপাশি মেসির বিরুদ্ধেও আইনি আবেদন করেছে, যা তার বিরক্তি আরও বাড়িয়েছে।
অন্যদিকে, এএফএর আন্তর্জাতিক আয় ও কর্মকর্তাদের আর্থিক লেনদেন নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের তথ্য অনুযায়ী, বিলাসবহুল ইয়ট ভাড়ার সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে এএফএর অন্তত ১২ লাখ ৭০ হাজার ডলার স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ‘ওয়েস্ট নটিক্যাল লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে দুই দফায় ৩ লাখ ২১ হাজার ৬৯৩ ডলার পাঠানো হয়, যে প্রতিষ্ঠানের ইয়টে ২০২৪ সালে মোনাকোর উপকূলে তাপিয়াকে দেখা গিয়েছিল।
তবে সম্পর্কের এই টানাপোড়েন ও আর্থিক অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মেসি বা এএফএ সভাপতি তাপিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।