বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসুন্ধরার একটি বাসায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
মাওলানা মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচিত হন মুফতি রুহুল আমিন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রুহুল আমিন। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে খুতবা চলাকালীন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।
মসজিদে বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনার দুই দিন পর, অর্থাৎ ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদ থেকে অপসারণ করা হয়।