বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর তুরাগ থানার উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই গ্রুপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছিল, যেখানে জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
পরবর্তীতে ফেসবুক লাইভে এসে জ্যোতি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য কারও ক্ষতি করা ছিল না; বরং আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে তথ্য আদান-প্রদানের জন্যই তিনি সেখানে যুক্ত ছিলেন।
তবে এই বিতর্কের জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ওই বছরের ১ অক্টোবর শিল্পকলা একাডেমি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।