শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন হয়েছে, এবং এবার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
আসিফ নজরুল বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে, আইন উপদেষ্টা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বিদেশ থেকে হুমকি দিয়ে যাচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের পর এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা তা জনগণের বিবেচনার বিষয়।
বৈঠকে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার এবং সুবিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আসিফ নজরুল আরও জানান, জাতিসংঘের মানবাধিকার কমিশনার তুর্ক মৃত্যুদণ্ড বাতিলের বিষয়ে সরকারের ভাবনা জানতে চেয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সংরক্ষণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির মধ্যে মানবাধিকার নিশ্চিতকরণের বিষয়ে কথা হয়েছে। জুলাইয়ের গণহত্যা বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে এবং জাতিসংঘ এ বিষয়টিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে।