শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আবারও বাংলাদেশকে গর্বিত করলেন সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমারা। নেপালকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ নারী ফুটবল দল, এবং তাদের বরণ করতে কোনো কমতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শিরোপাজয়ীদের সম্মানে ছাদখোলা বাসের আয়োজন করেছে বাফুফে, যা ইতোমধ্যেই উত্তেজিত ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২:১৫ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে ফুলের মালায় সুসজ্জিত ছাদখোলা বাসটি বাফুফে ভবনের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি বাফুফে ভবনে পৌঁছাবে চ্যাম্পিয়ন দল। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ চ্যাম্পিয়ন দলের সাথে সাক্ষাৎ করবেন, এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসও তাদের সম্মানে অনুষ্ঠানের আয়োজন করবেন।
সাফ চ্যাম্পিয়নশিপে এবারও অপরাজিত থেকেই শিরোপা জিতে নেয় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে যাত্রা শুরু করা দলটি শক্তিশালী ভারতকে ৩-১ গোলে পরাজিত করে আত্মবিশ্বাস অর্জন করে। এরপর সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে আসে তারা। ফাইনালে নেপালের বিপক্ষে মনিকা চাকমার প্রথম গোলের পর নেপালের সমতাসূচক গোল আসে। তবে ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার বাঁ পায়ের দূরপাল্লার দুর্দান্ত শটে বাংলাদেশ এগিয়ে যায়, যা শেষ পর্যন্ত তাদের শিরোপা নিশ্চিত করে।