শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলার বর্বরতা অব্যাহত রয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে হামলায় ৮৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫০ জনেরও বেশি শিশু রয়েছে। গাজার সরকারি গণমাধ্যম দফতর ও আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উক্ত বহুতল ভবনগুলোতে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরাইলি বাহিনীর অবরোধ ও অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্যসেবা বা ত্রাণ সরবরাহ সম্ভব হচ্ছে না।
এদিকে, শনিবার (২ নভেম্বর) বিবিসির প্রতিবেদন অনুযায়ী, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর পৃথক দুটি রকেট হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন বিদেশি কর্মী ও তিনজন ইসরাইলি নাগরিক রয়েছেন।
ইসরাইলি ও থাই কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলার কাছে হিজবুল্লাহর একটি রকেট হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে একজন ইসরাইলি নাগরিকও আছেন। হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে অপর হামলায় আরও দুই ইসরাইলি নিহত হয়েছেন।