রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রবাসী আয়ের বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহের কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে আজ (৭ নভেম্বর ২০২৪) এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি নভেম্বরের ৬ তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৫৭৩ কোটি মার্কিন ডলার পৌঁছেছে। বিপিএম-৬ হিসাব অনুযায়ী, রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারে রয়েছে। গত মাসের শুরুর দিকে অর্থাৎ ২ অক্টোবর গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৪ বিলিয়ন এবং বিপিএম-৬ রিজার্ভ ছিল ১৯ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক। আশা করছি, রেমিট্যান্স প্রবাহ আগামীতে অব্যাহত থাকবে।”
তিনি আরো জানান, “প্রতি ২ মাস অন্তর বিদেশি মুদ্রার দায় পরিশোধ করা হয়, এবং যখন বিলটি পরিশোধ করা হয়, তখন রিজার্ভ কিছুটা কমে আসে, এটি স্বাভাবিক প্রক্রিয়া।”