শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
সমগ্র বিশ্ব মিলেও ইরানকে পরাজিত করতে পারবে না

সমগ্র বিশ্ব মিলেও ইরানকে পরাজিত করতে পারবে না

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রসঙ্গে জোরালো বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রাম এমনকি মার্কিন যুদ্ধকামী সরকারেও পরিবর্তন আনতে পারে। গাজার প্রতিরোধ শক্তির প্রভাব দেখিয়ে তিনি বলেন, আমেরিকার জনগণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনকে সমর্থন দেয়নি।

শুক্রবার (৮ নভেম্বর) ইরানের মাশহাদে আয়োজিত এক সম্মেলনে আইআরজিসি প্রধান বলেন, ইসলামী প্রতিরোধ শক্তি বর্তমানে শত্রুর সবচেয়ে কাছাকাছি, বলা যায় ‘শূন্য দূরত্বে’ অবস্থান করছে। সেখানে উপস্থিত ছিলেন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক কমান্ডার, গণমাধ্যমের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সালামি বলেন, শত্রুপক্ষ সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে, কিন্তু ইসলামী প্রতিরোধ শক্তি শক্তিশালী মনোবল নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

ইসরাইলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর প্রতিরোধ শক্তির অগ্রগতির বিষয়ে সালামি বলেন, “ইসরাইল দীর্ঘদিন ধরে হিজবুল্লাহ কমান্ডারদের সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যা করেছে, যার মধ্যে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহসহ অনেক সামরিক কমান্ডারও রয়েছেন।” তিনি উল্লেখ করেন, “হিজবুল্লাহর অনেক নেতা নিহত হওয়া সত্ত্বেও সংগঠনটি আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং ইসরাইলকে কঠিন প্রতিরোধের মুখে ফেলেছে।”

সালামি আরও বলেন, “ইসরাইল তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে, লেবাননের শহরগুলোকে অগ্নিকুণ্ডে পরিণত করেছে, কিন্তু তারপরও দক্ষিণ লেবাননের কোনো গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করতে পারেনি। অনেক হিজবুল্লাহ যোদ্ধা এমন এক পরিস্থিতিতে লড়াই করছে, যখন তারা জানে না তাদের পরিবারের ভবিষ্যৎ কী। তবে, আশুরার চেতনাকে ধারণ করে তারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ফলে ইসরাইলি সেনারা ক্রমাগত আত্মবিশ্বাস হারাচ্ছে।”

আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি উল্লেখ করেন, ইরান পরিচালিত ‘অপারেশন ট্রু টু’ অভিযানে ইসরাইলের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, “যেকোনো সময়ে আমরা এ অভিযান পরিচালনা করতে পারতাম। তবে সঠিক সময়ে আমরা এটি কার্যকর করেছি। এর ফলে ইসরাইলের সামরিক শক্তি ও আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়েছে। ইসরাইল এখন তাদের নিজস্ব সক্ষমতা নিয়ে সন্দিহান।”

সালামি ইসরাইলের অর্থনীতির একটি দুর্বলতার দিক উল্লেখ করে বলেন, “ইসরাইলের অর্থনীতির ৯৮ শতাংশ নির্ভর করে সমুদ্র বাণিজ্যের ওপর। যদি হিজবুল্লাহর আঘাতে ইসরাইলের সমুদ্র বন্দরগুলো ধ্বংস হয়ে যায় এবং ভূমধ্যসাগর অনিরাপদ হয়ে পড়ে, তবে ইসরাইলের অর্থনীতি ভেঙে পড়বে। শুধু এই একটি দুর্বলতাই ইসরাইলের জন্য ধ্বংসাত্মক হতে পারে।”

তিনি আরও দাবি করেন, আমেরিকার সাহায্য সবসময়ই বিলম্বে এবং অপর্যাপ্ত আসবে, যা ইতিহাসেও প্রমাণিত হয়েছে।

সমগ্র বিশ্ব একত্রিত হলেও ইরানকে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন আইআরজিসি প্রধান। তিনি বলেন, “ইসলামী ইরান সবসময় প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকবে এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে। দখলকৃত ভূমি মুসলমানদের, যদিও বিশ্ব শক্তিগুলো ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি সেনাদের নৈতিক ও সামরিক শক্তিকে দুর্বল করে দিয়েছে, তাদের অর্থনীতি ভেঙে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রই তাদের প্রধান পরিচালনাকারী শক্তি হিসেবে কাজ করছে।”

এ বক্তব্যের মাধ্যমে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে একটি কঠোর বার্তা প্রেরণ করা হয়েছে, যা সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে বেশ প্রভাব ফেলতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com