শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গত ১৭ বছর ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি অবস্থায় গুরুতর অসুস্থ। শ্বাসকষ্ট, জটিল কিডনি সমস্যা, মেরুদণ্ডে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি।
তার উন্নত চিকিৎসা নিশ্চিতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) এই বোর্ডের অধীনে ৪ জন চিকিৎসক কারাগারে তাকে পর্যবেক্ষণ করতে যাবেন। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির শুক্রবার (৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
মেডিকেল বোর্ডে নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. শামীম আহমদ। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন ডা. সৈয়দ ফজলুল ইসলাম, ডা. মো. জাহিদুর রহমান, ও ডা. খালিদ মাহমুদ মোরশেদ। সার্বিক সমন্বয় করবেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. দেলোয়ার হোসেন।
জানা যায়, লুৎফুজ্জামান বাবর দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ইরিটেবল বাউল সিনড্রোম, উচ্চ রক্তচাপ, স্পন্ডিওলাইসিস, আর্থাইটিসসহ নানা রোগে ভুগছেন। তার কিডনিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন। তার বিরুদ্ধে দুর্নীতি, গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা রয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া, ১০ ট্রাক অস্ত্র মামলাতেও তার মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে।