শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, নেত্রকোণার আলো ডটকম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের এক বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) প্লাটফর্মটির বাংলামোটর কার্যালয়ে চার ঘণ্টাব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ সাংবাদিকদের জানান, “জুলাই আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে।” তিনি আরও বলেন, বৈঠকে সমন্বয়কদের মধ্যে আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে, এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু সরকারের প্রশংসা করেই সীমাবদ্ধ থাকবে না বরং গঠনমূলক সমালোচনাও করবে। জনগণের ভোগান্তি হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না।
তিনি আরও জানান, বিপ্লবের ১০০ দিন উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। এছাড়া, এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি গঠন করা হবে।
মাসউদ জানান, আজকের সভায় ১৫৮ জনের মধ্যে ৭০-৮০ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন, তবে বাকিদের সঙ্গেও কোনো সমস্যা বা বিশৃঙ্খলা নেই এবং তারা ঐক্যবদ্ধভাবেই এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।