শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন চালাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলন থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আন্দোলনের একপর্যায়ে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। ট্রেনটি না থামায় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের জানালার কাচ ভেঙে যায় এবং শিশুসহ কয়েকজন আহত হন। এমনকি কয়েকজনকে ট্রেনের ছাদেও উঠে যেতে দেখা যায়।
রেলওয়ে ঢাকা বিভাগীয় পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বনানী থানার ওসি মো. রাসেল জানান, ‘‘মহাখালী রেল ক্রসিংয়ের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আন্দোলনের ফলে ট্রেন ও যান চলাচল পুরোপুরি বন্ধ।’’
শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তাসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বহু মানুষ হেঁটে গন্তব্যে রওনা দিতে বাধ্য হচ্ছেন।
আন্দোলনের সমন্বয়ক মো. জাহাঙ্গীর সানি বলেন, ‘‘তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য বারবার দাবি জানানো হয়েছে। সাড়া না পেয়ে আজকের এই আন্দোলন। বিকেল ৪টার মধ্যে প্রশাসন যৌক্তিক দাবি মেনে নিলে আন্দোলন শেষ করা হবে।’’
এদিকে, মাহমুদুল হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘‘কেউ আলোচনায় বসতে চাইলে তাঁকে মহাখালীতে এসে আমাদের সঙ্গে দেখা করতে হবে।’’
উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি দীর্ঘদিনের।
শিক্ষার্থীদের দাবি মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে অভিমত সংশ্লিষ্টদের।