শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম :
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে জানা গেছে, তেল আবিবে হিজবুল্লাহর ছোড়া ৩৪০টি মিসাইল ও ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতেও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, ফলে জানুয়ারি পর্যন্ত সেখানে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
হিজবুল্লাহর দাবি, তারা দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ ঘাঁটি এবং তেল আবিবের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামলার সময় তেল আবিবসহ বেশ কিছু এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। পেতাহ টিকভা ও রিনাট্যাতে হামলায় কয়েকটি বাড়ি ও গাড়ি পুড়ে গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় লেবাননের পূর্বাঞ্চলে অন্তত ১৬ জন এবং দক্ষিণাঞ্চলে আরও ১৪ জন নিহত হয়েছেন। গাজা সংঘাত শুরুর পর থেকে লেবাননে এ পর্যন্ত কমপক্ষে ৩,৭৫৪ জন নিহত এবং ১৫,৬২৬ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল ছোড়া হলেও সেগুলো প্রতিহত করা হয়েছে। তবে সংঘাত আরও তীব্র হওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে।
এই সহিংসতার ফলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের শঙ্কা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।