শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
বিদেশযাত্রার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেছেন ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এবং ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। সোমবার (২৫ নভেম্বর) তিনি ও তার স্ত্রী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন।
এর আগে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন মতিউর, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি এবং ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মতিউর ও তার স্ত্রী। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আনোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আবেদনে দুদক উল্লেখ করে, মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীতে ১৫টি ফ্ল্যাট, ৪টি বাড়ি এবং দেশের বিভিন্ন জায়গায় শত শত বিঘা জমির মালিকানা নিয়ে তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা অর্থ পাচারের উদ্দেশ্যে দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।
২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনা নিয়ে আলোচনায় আসেন মতিউর রহমান। সেখানে দাবি করা হয়, তার ছেলে মুশফিকুর রহমান ইফাত ১২ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে ১ লাখ টাকা বুকিং দেন এবং ৭০ লাখ টাকায় গরু কেনেন। বিলাসবহুল জীবনযাপন এবং দামি গাড়ি ব্যবহারের বিষয়েও অভিযোগ ওঠে।
মতিউর রহমান প্রথমে ছেলের এসব কর্মকাণ্ড অস্বীকার করলেও পরে স্বজনদের বরাতে জানা যায়, ইফাত তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিভলীর দ্বিতীয় সন্তান।
দুদকের অনুসন্ধান এখনো চলমান। হাইকোর্টে এ রিটের রায়ের দিকে নজর রাখছেন সংশ্লিষ্ট সবাই।