শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভ দমনে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে সরকার। ইতিমধ্যে ইমরানের ৪ হাজারের বেশি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে পিটিআই দলের পাঁচজন সংসদ সদস্যও রয়েছেন। ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (২৫ নভেম্বর) পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দিয়ে ১৪৪ ধারা জারি করা হয় এবং সকল ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়।
পাঞ্জাব প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ জানান, “ইমরান খানের সমর্থকদের দমন করতে ৪ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন সংসদ সদস্য রয়েছেন।”
সরকার রাজধানী ইসলামাবাদকে দেশের অন্যান্য অঞ্চল থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো শিপিং কন্টেইনার দিয়ে বন্ধ করা হয়েছে। পাশাপাশি, ইন্টারনেট এবং মোবাইল সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেন, “ইসলামাবাদ ও এর বাসিন্দাদের সুরক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেড জোনে প্রবেশ করলে পিটিআই নেতাকর্মীদের আরও গ্রেপ্তার করা হবে।”
পিটিআই চেয়ারম্যান ইমরান খান এই আন্দোলনকে ‘চূড়ান্ত ডাক’ হিসেবে আখ্যা দিয়েছেন। কারাবন্দী থাকা অবস্থায়ও তিনি দলীয় নেতাকর্মীদের আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। পিটিআইয়ের এক নেতা গহর আলী খান জানান, ইমরান খানের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বিক্ষোভ স্থগিত করার গুজবকে নাকচ করে দেওয়া হয়েছে।
ইমরান খান এক বছরের বেশি সময় ধরে কারাবন্দী। তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা চলমান। পিটিআইয়ের দাবি, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ইমরান খানের জনপ্রিয়তায় ভাটা টানার প্রয়াস। তবে এসব অভিযোগ সত্ত্বেও ইমরানের প্রতি জনগণের সমর্থন উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানের মধ্যেও পিটিআই সমর্থকদের জমায়েত অব্যাহত রয়েছে। খাইবার-পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে একটি গাড়িবহর রাজধানীর উপকণ্ঠে পৌঁছালে সংঘর্ষ চরমে ওঠে। পাঞ্জাবের প্রাদেশিক তথ্যমন্ত্রী আজমা বোখারি জানিয়েছেন, “সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।”
সরকার এবং পিটিআইয়ের মধ্যে আলোচনা চলমান থাকলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। ইমরান খানের ডাকে ‘চূড়ান্ত ডাক’ হিসেবে এই বিক্ষোভে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।