শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি পরিহার করে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) কুয়ালালামপুরের রয়াল লেক ক্লাবে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী তানশ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনী প্রকাশনা অনুষ্ঠানে মাহাথির এই বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে মাহাথির বলেন, “বাংলাদেশের জনগণ সাহসিকতার সাথে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে।”
তিনি আরও যোগ করেন, “এখন বাংলাদেশের সামনে নিজেকে পুনর্গঠনের সুযোগ এসেছে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভক্তি এড়িয়ে একসঙ্গে কাজ করলে বাংলাদেশ নতুন করে এগিয়ে যাবে।”
মাহাথির রাজনৈতিক দলগুলোকে ব্যক্তি নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।