শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, মসজিদে স্পিকার ব্যবহার করলে পুলিশ সরাসরি বাধা দিতে পারবে এবং স্পিকার জব্দ করারও অনুমতি পাবে। বেন গিভির এক্সে পোস্টে এ নীতিকে বাস্তবায়নে গর্ব প্রকাশ করে দাবি করেছেন যে, এটি অযৌক্তিক শব্দ দূর করবে যা ইসরায়েলের বাসিন্দাদের জন্য সমস্যার কারণ।
তবে এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দল লেবার পার্টির গিলাদ কারিভ এক্সে বলেছেন, “বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।” অন্যদিকে, হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবি একে “ঘৃণা ও নিপীড়নের উদাহরণ” হিসেবে উল্লেখ করেছেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এর জন্য দায়ী করেছেন।
ইতিমধ্যে, এ নিষেধাজ্ঞা ইসরায়েলি আরব সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ দেশটির সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।