শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক ।। নেত্রকোণার আলো ডটকম :
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। সান মামেসে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি মিস করেন রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই হারের ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে কার্লো আনচেলত্তির দল।
তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫৪তম মিনিটে আলেক্স বেরেনগারের গোলে বিলবাও এগিয়ে যায়। বাঁ দিক থেকে নিকো উইলিয়ামসের দারুণ ক্রসে গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রথমে বাঁধা দিলেও বিপদমুক্ত করতে ব্যর্থ হন। এরপর বেরেনগারের টোকায় বল জালে জড়ায়।
৬৭তম মিনিটে পেনাল্টি পেয়ে সমতা ফেরানোর সুযোগ পায় রিয়াল। কিন্তু এমবাপ্পের দুর্বল শট রুখে দেন বিলবাওয়ের গোলরক্ষক ইউলেন আহিরেসাবালা।
অবশেষে ৭৮তম মিনিটে রিয়ালের হয়ে সমতা আনেন জুড বেলিংহ্যাম। এমবাপ্পের দূরপাল্লার শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতি বল ফাঁকায় পেয়ে গোল করেন ইংলিশ মিডফিল্ডার। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।
৮০তম মিনিটে ফেদে ভালভের্দের ভুলে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে কোর্তোয়াকে পরাস্ত করেন গোর্কা গুরুজেটা।
এই হারের ফলে ১৫ ম্যাচে ১০ জয় ও ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা এক ম্যাচ বেশি খেলে শীর্ষে রয়েছে ৩৭ পয়েন্ট নিয়ে। অন্যদিকে, বিলবাও ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে।