শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে ভৈরব রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মৃত ধারীর ছেলে। জানা গেছে, ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টি এলাকায় তার শ্বশুরবাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল।
ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, “চন্দন চট্টগ্রাম থেকে ট্রেনে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে পৌঁছান। তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন এবং রাত গভীর হলে শ্বশুরবাড়িতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তারের পর চন্দনকে থানায় রাখা হয়েছে। বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানার পুলিশকে জানানো হয়েছে, এবং তারা আসার পর চন্দনকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।
গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের একটি ভবনের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। নিহতের বাবা জামাল উদ্দিন চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জন অজ্ঞাত আসামিকে যুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। এর আগে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করলেও চন্দনকে ধরতে সক্ষম হয়নি। চট্টগ্রাম ডিবি পুলিশের একটি দল গত কয়েকদিন ধরে ভৈরবে অভিযান চালায় এবং অবশেষে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।