শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি ভয়মুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে পূর্ণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। তবে সম্প্রীতির পাশাপাশি একটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো ভয়মুক্ত পরিবেশ। আমাদের লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ, যেখানে কেউ কারো থেকে ভয় পাবে না এবং নাগরিকেরা নির্ভয়ে একে অপরের সঙ্গে বসবাস করবে।”
দেশের কাঠামোগত পরিবর্তন ছাড়াই সহনশীলতা এবং ভয় ও ক্রোধ থেকে মুক্ত হওয়ার ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, “আমাদের ক্ষোভকে প্রশমিত করতে হবে, যেন এটি অন্য কোনো উত্তেজনার কারণ না হয়। যদি আমরা এমন একটি দেশ গড়ে তুলতে পারি, এটি হবে সত্যিকার অর্থে একটি সফল বাংলাদেশ।”
তিনি বলেন, শান্তিতে বসবাসের পরিবেশ বজায় রাখতে জনগণকে উসকানির ফাঁদে না পড়ার শিক্ষা নিতে হবে। “দেশের অভ্যন্তরে এবং বাইরের উসকানির কারণে বাংলাদেশ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের উচিত এ ধরনের পরিস্থিতি আরও দক্ষতার সঙ্গে মোকাবিলা করা,” যোগ করেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জনগণ একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করেছে, তবে তারা নিষ্ক্রিয় নেই বরং উসকানি সৃষ্টির চেষ্টায় লিপ্ত। এ ধরনের উসকানির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তিনি সবাইকে এই উসকানিতে প্রতিক্রিয়া না দেখানোর পরামর্শ দেন।
ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে ভয়ের কোনো স্থান থাকবে না। সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ আমাদের ভবিষ্যতের ভিত্তি।” তিনি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।