শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে বাংলাদেশের পণ্য বয়কটের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ‘অনুসারী’ সংগঠন ‘স্বদেশী জাগরণ মঞ্চ’। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, মঞ্চের পরিকল্পনা অনুযায়ী, ঘরে ঘরে প্রচার চালিয়ে মানুষকে বাংলাদেশি পণ্য বর্জন করতে উৎসাহিত করা হবে।
প্রথমে বিজেপি ও সঙ্ঘ মনোভাবাপন্ন সংগঠনের সদস্যদের দিয়ে বয়কট শুরু করার আহ্বান জানাবে মঞ্চ। এরপর সাধারণ মানুষের কাছেও এই বর্জনের আবেদন করা হবে।
বয়কটের তালিকায় বাংলাদেশের জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) ট্যাগ পাওয়া পণ্যগুলোও রয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকাই মসলিন, জামদানি, টাঙ্গাইল শাড়ি, কাটারিভোগ চাল, শীতলপাটি, নকশিকাঁথা, পদ্মার ইলিশসহ বিভিন্ন পণ্য। শুধু পণ্যই নয়, বাংলাদেশের নাটক, সিনেমা, ওয়েব সিরিজ এবং ইউটিউব চ্যানেলও বয়কট করার পরিকল্পনা করছে মঞ্চ।
‘স্বদেশী জাগরণ মঞ্চ’ বাংলাদেশের পণ্য আমদানি বন্ধ করার পাশাপাশি দেশটির তুলা এবং অন্যান্য রপ্তানিও স্থগিত রাখার দাবি জানিয়েছে। তাদের লক্ষ্য হলো, বিশেষ করে বাংলাদেশের বস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজার ক্ষতিগ্রস্ত করা।
মঞ্চ আরও চায়, বাংলাদেশি নাগরিকদের ভারতে চিকিৎসার ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হোক।
দেশব্যাপী আন্দোলনের কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। কারণ, বাংলাদেশ সীমান্তসংলগ্ন এই অঞ্চলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া তীব্রতর হওয়ার সম্ভাবনা বেশি। মঞ্চের পূর্ব ক্ষেত্রের নেতা অম্লানকুসুম ঘোষ বলেন, “বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়ছে। বাঙালি হিন্দুদের এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।”