শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আগামী বছরেই রাজনৈতিক সরকার আসতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন কনফারেন্সে তিনি এ কথা বলেন।
ড. মাহমুদ বলেন, “আমরা খুব স্বল্পকালীন সরকার। আগামী বছরেই রাজনৈতিক সরকার আসতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা। জানি না, আসলে কী হবে। তবে হয়ত আমরা আগামী বছরেই রাজনৈতিক সরকার দেখতে পাব।”
তিনি আরও বলেন, “অর্থনৈতিক ও আয়বৈষম্য বর্তমানে বড় দুশ্চিন্তার বিষয়। এ বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা প্রয়োজন, যা এখনো বাংলাদেশ থেকে অনেক দূরে রয়েছে।”
কনফারেন্সে উপস্থিত বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল মধ্যম আয়ের দেশের ফাঁদ থেকে উত্তরণের জন্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হওয়ার পাশাপাশি সেবা ও উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়াতে হবে। একই সঙ্গে উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর জোর দিতে হবে।”
বিশ্বব্যাংক আরও পরামর্শ দিয়েছে যে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।
অনুষ্ঠানে বক্তারা মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।