শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানযোগে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন। তবে তিনি কোথায় গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিদ্রোহীরা দ্রুতগতিতে রাজধানীতে প্রবেশ করছে।
রোববার (৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি জানিয়েছে, বিদ্রোহীরা ইতোমধ্যে দামেস্ক ঘিরে থাকা কয়েকটি উপশহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। দীর্ঘ ২৪ বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি না হলেও এই ঘটনা তার পতনের ইঙ্গিত বহন করছে।
দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা করেছে, প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। বিদ্রোহীরা বলেছে, ‘নতুন সিরিয়া’ হবে শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা, যেখানে ন্যায়বিচারের জয় হবে এবং সকল সিরীয় নাগরিকের মর্যাদা রক্ষা করা হবে।
বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা আবু মোহাম্মদ আল-জোলানি এক বিবৃতিতে জানান, আপাতত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে। বিদ্রোহীরা কোনো সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বিদ্রোহীদের এক ঘোষণায় বলা হয়েছে:
“আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি।”
বিদ্রোহীদের এই প্রতিশ্রুতি এবং দৃষ্টিভঙ্গি নতুন এক শান্তিপূর্ণ সিরিয়ার স্বপ্ন দেখাচ্ছে।