শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।
সোমবার (১১ ডিসেম্বর) বিষয়টি কার্যতালিকার ৬ নম্বরে ছিল। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি শুনানির জন্য মেনশন করলে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ বিষয়টি মঙ্গলবার শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
২০২০ সালের ১০ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন। বাংলায় দেওয়া রায়ের আদেশে বলা হয়, “আমরা ঘোষণা করছি যে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।”
এই রায় আসে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে। তবে রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আবেদন জানায়, যা নিয়ে মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে।