শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
মাগুরাসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ‘ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন’ ব্যানারে বাংলাদেশ নারী প্রগতি সংঘ, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটিসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং নেত্রকোণায় সংঘটিত ধর্ষণসহ বিভিন্ন নারী নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী কোহিনুর বেগম, নারী প্রগতির মৃণাল চক্রবর্তী, বারসিকের নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘মাগুরায় ধর্ষকের হাত থেকে একটি শিশুও রক্ষা পায়নি। দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, যা নারী ও শিশুদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে। এভাবে চলতে পারে না। ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
জেলা প্রশাসক বনানী বিশ্বাস কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ধর্ষণ ও নারী নির্যাতন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।