রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার পূর্বধলায় ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের বাসিন্দা, মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৫) এবং তাঁর স্ত্রী রোকেয়া আক্তার (৪৫)। আহতদের মধ্যে রয়েছেন নিজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া ও তাঁর শ্যালক নায়েব আলী (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন নিজেই অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও শ্যালককে নিয়ে ফাজিলপুর বাজারে পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
আহত সুমাইয়া ও তাঁর মামা নায়েব আলীকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।