শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। দীর্ঘ দুই দশক পর দলীয় প্রধানের আগমন ঘিরে বন্দরনগরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
জনস্রোত ও উদ্দীপনা আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পলোগ্রাউন্ড প্রাঙ্গণ ও এর আশপাশ নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। চট্টগ্রাম মহানগরের পাশাপাশি দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ও কর্মীরা দলবেঁধে ছুটে আসছেন। সাতকানিয়া থেকে আসা কর্মী আমির হোসেন বলেন, “তারেক রহমানকে চট্টগ্রামে সামনে থেকে দেখার জন্য বহু বছর অপেক্ষা করেছি। আজ সেই অপেক্ষার অবসান হচ্ছে।” দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইকবাল হায়দার চৌধুরী জানান, অনেকে রাতেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন।
নেতৃবৃন্দের বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এটি কেবল রাজনৈতিক সমাবেশ নয়, বরং সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশাল জনসমুদ্রে রূপ নেবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভার মতোই আজ সর্বস্তরের মানুষ তারেক রহমানকে একনজর দেখতে উন্মুখ হয়ে আছেন।” চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বীরের চট্টলা থেকেই শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের এই সফর চট্টগ্রামের জন্য অত্যন্ত গৌরবের।”
নিরাপত্তা ব্যবস্থা মহাসমাবেশ ঘিরে নগরীতে তিন স্তরের (রেড, ইয়েলো ও গ্রিন জোন) কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মঞ্চ ও ভিআইপি এলাকার জন্য ‘রেড জোন’, সাংবাদিক ও নারীদের জন্য ‘ইয়েলো জোন’ এবং সাধারণ মাঠকে ‘গ্রিন জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রায় দুই হাজার পুলিশ সদস্য।
দিনের কর্মসূচি দলীয় সূত্র জানায়, জনসভার আগে আজ সকালে বিএনপি চেয়ারম্যান জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং তরুণদের সঙ্গে একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন। পলোগ্রাউন্ডের জনসভা শেষে তিনি সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নিয়ে ঢাকায় ফিরবেন। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি চট্টগ্রামে পৌঁছান এবং রেডিসন ব্লুতে রাত্রিযাপন করেন। উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণায় লালদিঘী ময়দানে ভাষণ দিয়েছিলেন।