শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, “আপনাদের সমস্যাগুলো আমি অবগত। ক্ষমতায় গেলে ব্লক বাঁধের মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।” এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী পরিবেশ নিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, একটি পক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ভোটারদের ভোটাধিকার রক্ষায় সজাগ থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, “ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।” মা-বোনদের উদ্দেশে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
জনসভায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপি প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, জনগণের রায় পেলে এই অঞ্চলের উন্নয়নের দায়িত্ব বিএনপি নেবে। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সভায় স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য প্রদান করেন।