শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দক্ষিণ কোরিয়ার ওপর বড় ধরনের বাণিজ্যিক ধাক্কা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত বাণিজ্য চুক্তি অনুমোদনে সিউলের ব্যর্থতার অভিযোগে দেশটির প্রধান আমদানিপণ্য—বিশেষ করে গাড়ি, কাঠ ও ওষুধের ওপর শুল্ক ১৫% থেকে বাড়িয়ে ২৫% করার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই কঠোর সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্পের দাবি, ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং-এর সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ চুক্তি সম্পন্ন হলেও দেশটির সংসদ তা অনুমোদন করতে ব্যর্থ হয়েছে। ওই চুক্তির শর্তানুসারে, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিলে যুক্তরাষ্ট্র শুল্ক কমানোর কথা ছিল। কিন্তু দক্ষিণ কোরিয়ার সংসদে চুক্তিটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে আটকে যায়। দেশটির বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করলে দেশে ১৯৯৭ সালের মতো চরম আর্থিক ও তারল্য সংকট দেখা দিতে পারে।
এদিকে, ট্রাম্পের এই আকস্মিক ঘোষণায় সিউলে চাঞ্চল্য তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তারা এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি। তবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশটির বাণিজ্যমন্ত্রী জরুরি আলোচনার জন্য ওয়াশিংটন সফরের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, মিত্র দেশগুলোর ওপর চড়া শুল্কের চাপ দিয়ে নিজের অনুকূলে শর্ত আদায় করা ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ কৌশলেরই অংশ।