বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট পবিত্র ঈদুল ফিতরের আগেই সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার আবদুর রহমান মাসউদ।
তিনি বলেন, আমরা ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছি। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গুছিয়ে নেওয়া হচ্ছে। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
আসন বিন্যাস ও সমীকরণ: গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে প্রতিটি দল বা জোটের সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়। বর্তমান সমীকরণ অনুযায়ী
বিএনপি: ২০৯টি সাধারণ আসনের বিপরীতে ৩৫টি সংরক্ষিত আসন পেতে পারে (জোটভেদে ৩৬টি হওয়ার সম্ভাবনা রয়েছে)।
জামায়াতে ইসলামী: ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত আসন পেতে পারে (জোটগতভাবে লড়লে ১৩টি পর্যন্ত হতে পারে)।
জাতীয় নাগরিক পার্টি ও স্বতন্ত্র: উভয় পক্ষই ১টি করে আসন পেতে পারে।
অন্যান্য: ছোট দলগুলো এককভাবে কোনো আসন না পেলেও জোটবদ্ধ হলে ১টি আসন পাওয়ার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশ নিলেও জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি। স্থগিত হওয়া শেরপুর-৩ এবং তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।