শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে এবং চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামি বদ্ধপরিকর। আমরা ক্ষমতায় এলে ব্যবসায়ীদের চাঁদাবাজদের হাত থেকে মুক্ত করা হবে এবং চাঁদাবাজদের একটি সম্মানজনক ও সুস্থ ধারার জীবনে ফিরিয়ে আনা হবে।”
আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এই ভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দলীয় চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ হবে। তিনি দেশের স্বার্থে সবাইকে কেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপিকে লক্ষ্য করে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়ে মা-বোনদের নিরাপত্তা দিতে যারা ব্যর্থ, তাদের কাছে নারীরা নিরাপদ নয়। জামায়াত ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করবে। নির্বাচনী প্রচারে কোনো প্রকার হেনস্থা বা ইভটিজিং বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। যশোর শেষে আমির পর্যায়ক্রমে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের নির্বাচনী জনসভায় যোগ দেবেন।