মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সংসদ ভবন, ঢাকা: দীর্ঘ ১৫ বছর পর জাতীয় সংসদ ভবনে পা রাখলেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমেই শপথ নেবেন বিএনপির সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সকাল ৯টা থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের বহনকারী গাড়ি সংসদ ভবনের গেট দিয়ে প্রবেশ করতে শুরু করে। শপথ গ্রহণ উপলক্ষে সংসদ ভবন এলাকা ও এর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমনকি নির্বাচিত সংসদ সদস্যদের পরিচয়পত্রও পরীক্ষা করে দেখা হচ্ছে।
এবারের শপথ অনুষ্ঠানের বিশেষত্ব হলো—এই প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যা বর্তমানে বর্ণিল ফুলের সাজে সজ্জিত।
টানা তিনটি সংসদের অনুপস্থিতির পর বিএনপির এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ গণমাধ্যমকে বলেন, জনগণের প্রতিনিধিত্ব করতে পারা আল্লাহর বড় রহমত। ধানের শীষের এই বিজয়ে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে।
অন্যদিকে, দীর্ঘ দেড় যুগ পর সংসদে ফেরার অনুভূতি ব্যক্ত করে সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর এবার তারেক রহমানের নেতৃত্বে আমরা সংসদে যাচ্ছি। এটি আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।