শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণের ফলে দেশে মূল্যস্ফীতি হওয়ার কোনো আশঙ্কা নেই, বরং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও সচল ও শক্তিশালী হবে।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আকতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, কার্ডের মাধ্যমে দেওয়া অর্থ সরাসরি প্রান্তিক পর্যায়ের কৃষক ও নারীদের হাতে পৌঁছাবে। যেহেতু নতুন করে টাকা ছাপিয়ে এটি দেওয়া হচ্ছে না, তাই মূল্যস্ফীতির প্রশ্নই আসে না। বরং এই অর্থ সাধারণ মানুষ স্থানীয় বাজারে ব্যয় করবেন, যা গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
তিনি আরও উল্লেখ করেন, একবারে সবাইকে কার্ড দেওয়া সম্ভব না হলেও প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়িয়ে পর্যায়ক্রমিকভাবে এর পরিধি বাড়ানো হবে। এই উদ্যোগের ফলে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।