মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

আন্দোলনের পথেই ফিরবেন, জানালেন বিরোধী দলীয় নেতা

আন্দোলনের পথেই ফিরবেন, জানালেন বিরোধী দলীয় নেতা

আন্দোলনের পথেই ফিরবেন, জানালেন বিরোধী দলীয় নেতা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ। এই দাবিতে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী এনসিপির সংসদ সদস্যরা। বুধবার বিকেলে সংবিধান সংস্কার নিয়ে উত্থাপিত মুলতবি প্রস্তাবে কোনো কার্যকর সমাধান না আসায় তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের পর সংসদের মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় ও আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে না। তাই আমরা আবারও জনগণের কাছে ফিরে যেতে বাধ্য হচ্ছি। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, দাবি আদায়ে আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি  কে অপ্রাসঙ্গিক হিসেবে আখ্যা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ নয়, বরং এটি জনগণের সরাসরি ম্যান্ডেট। সংসদে এই গণ-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ব্রিফিংয়ে তিনি মনে করিয়ে দেন যে, অতীতে দেশে অনুষ্ঠিত তিনটি গণভোটে কখনোই জনগণের ইচ্ছাকে এভাবে অবহেলা করা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণে ১১ দলীয় জোট দ্রুত বৈঠকে বসবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট থেকে বিরত থাকার অনুরোধ জানালেও তারা তা গ্রহণ করেননি। এর আগে গত ১২ মার্চ রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেও একবার সংসদ ত্যাগ করেছিল বিরোধী দল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com