মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি। সোমবার (৬ এপ্রিল) ভোরে এই হামলা চালানো হয় বলে আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে নিশ্চিত করেছে।
আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়েছে, “আমেরিকান-জায়নবাদী শত্রুদের অপরাধমূলক সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সংস্থার প্রধান মজিদ খাদেমি শহীদ হয়েছেন।” উল্লেখ্য, ২০২৫ সালের জুনে পূর্বসূরি মোহাম্মদ কাজেমি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর খাদেমি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেন, “আমরা তাদের নেতাদের নির্মূল করছি। ইরানের নেতারা এখন লক্ষ্যবস্তু হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন।” কাটজ আরও দাবি করেন, ইসরায়েল ইরানের ইস্পাত ও পেট্রোকেমিক্যাল শিল্পের ‘ভয়াবহ ক্ষতি’ করেছে এবং দেশটির জাতীয় অবকাঠামো ধ্বংসের মাধ্যমে এই শাসনের অবক্ষয় নিশ্চিত করা হবে।
সংশ্লিষ্টদের মতে, শীর্ষস্থানীয় এই সেনা কর্মকর্তার মৃত্যু ইরান ও ইসরায়েলের চলমান চরম উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে দিল।