সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।
নোটিশে অভিযোগ করা হয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থায় থাকা হামের টিকাদান কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পেছনে ড. ইউনূসসহ উপদেষ্টারা জড়িত। এই সিদ্ধান্তের ফলে সারা দেশে আকস্মিক হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসানসহ সকল উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম দাবি করেন, একটি অশুভ অপরাধমূলক স্বার্থে টিকাদান কার্যক্রম বেসরকারি খাতে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিদেশযাত্রা ঠেকাতেই তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন।