রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন ডিজেল, ১৬ হাজার টন পেট্রোল এবং ১০ হাজার ৫০০ টন অকটেন মজুত আছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের উৎস থেকে তেল সংগ্রহ প্রক্রিয়া চালু রেখেছে।
কালোবাজারি ও অবৈধ মজুত রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, গত এক মাসে অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রতি মাসে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে দাম সমন্বয় করা হয়। প্রয়োজনে কেবিনেট বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।