বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: টানা তিনবারের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ সময় পর গতকাল মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল দুপুরে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ দুই দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে তার আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। উভয় আবেদন নাকচ করে বিচারক জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজিমপুরে ছাত্র-জনতার আন্দোলনে আশরাফুল নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় তিনি এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
গোয়েন্দা পুলিশ জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর শিরীন শারমিন সপরিবারে সেনা হেফাজতে ছিলেন। সেনানিবাস থেকে বের হওয়ার পর তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ ধানমন্ডির ৮/এ রোডে এক আত্মীয়ের বাসায় ওঠার একদিন পরই তাকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানায়, শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে তাড়াহুড়ো করতে গিয়ে সিঁড়িতে পড়ে ব্যথা পান সাবেক এই স্পিকার। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে কিছুটা উত্তেজনা ও স্লোগান পাল্টা স্লোগান দেখা দেয়। ৬০ বছর বয়সী শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।