বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থবির হয়ে পড়া স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচনের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত ও সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া ধীরগতিতে চলছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের প্রায় সব সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানই প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইসির তথ্যমতে, ৩ হাজার ৭৫৫টি ইউনিয়ন পরিষদ, ৩৩০টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশনসহ মোট ৪ হাজার ৬৫৩টি প্রতিষ্ঠান এখন নির্বাচনের উপযোগী।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। সরকারের সিদ্ধান্ত এলে চলতি বছরের শেষ নাগাদ ধাপে ধাপে এই নির্বাচনগুলো শুরু হতে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং কমিশন অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সক্ষমতা রাখে। তবে কোন স্তরের নির্বাচন দিয়ে প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে এখনও নীতিগত আলোচনা চলছে।