শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ গ্রেপ্তার ১

বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামে এক হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিমানবন্দরের কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় মফিদুলের কাছ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা। এছাড়া তল্লাশিতে ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা এবং নগদ ৮০ হাজার ১১৭ টাকা জব্দ করা হয়েছে। খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা মফিদুল সৌদি আরব থেকে এসভি-৮০৮ ফ্লাইটে করে ঢাকা পৌঁছান। ✈️

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণ দেশে আনা হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

এয়ারপোর্ট এপিবিএন-এর পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির জানান, বিমানবন্দর এলাকাকে চোরাচালানমুক্ত রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com