শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে গতির ঝড় তুললেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার বিধ্বংসী স্পেলে করাচি কিংসকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি, যা পিএসএল ইতিহাসের বৃহত্তম জয়ের রেকর্ড।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ও বাবর আজমের ব্যাটে রানপাহাড় গড়ে পেশোয়ার। মাত্র ৪৮ বলে সেঞ্চুরি তুলে ১০৯ রানে থামেন মেন্ডিস, আর বাবর আজম অপরাজিত থাকেন ৮৭ রানে। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল পুঁজি পায় তারা।
২৪৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার তোপের মুখে পড়ে করাচি। বিশেষ করে নিজের তৃতীয় ওভারে কোনো রান না দিয়েই খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে ফিরিয়ে ম্যাচ পুরোপুরি পেশোয়ারের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। নাহিদের শিকার হন সাদ বেগও। তার আগুনে বোলিংয়ে মাত্র ৮৭ রানেই অলআউট হয় করাচি।
নাহিদের দিনে উজ্জ্বল ছিলেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলামও। ৩ ওভারে ২৩ রান খরচায় তিনি তুলে নেন ডেভিড ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাট ও বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল।