শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আজ শুক্রবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, অর্থনীতির সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে সৃজনশীল খাতগুলোকে মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করার কাজ চলছে।

বিবৃতিতে অর্থমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের আমলের আর্থিক খাতের নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিগত ১৫ বছরে টাকার মান অর্ধেক হয়ে যাওয়ায় আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে। মেগা প্রকল্পগুলোর সঠিক সম্ভাব্যতা যাচাই না হওয়ায় এবং অতিমূল্যায়িত হওয়ার কারণে সাধারণ মানুষ বিনিয়োগের সুফল পায়নি, বরং লুটপাটের মাধ্যমে লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং মূলধন সংকট কাটাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনা এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল ও এলএনজির দাম দ্বিগুণ হলেও সরকার ভর্তুকি দিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৮.৩ শতাংশ থেকে কমে ৬.৫ শতাংশে নেমেছিল, যা বিনিয়োগে স্থবিরতা তৈরি করেছে। বর্তমান সরকার এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বদ্ধপরিকর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com