সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার চীনের ওপর চড়াও হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের পরিকল্পনার অভিযোগে বেইজিংকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১১ এপ্রিল) হোয়াইট হাউস ত্যাগের সময় সাংবাদিকদের ট্রাম্প জানান, চীন যদি ইরানকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ না করে, তবে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি এই হুঁশিয়ারি দেন।
গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়াতে চাইছে। চীন মূলত তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ কাঁধ থেকে ছোড়া বিমান বিধ্বংসী মিসাইল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, এই প্রযুক্তির সাহায্যেই যুদ্ধের শুরুতে আমেরিকার একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল ইরান।
ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, “গোয়েন্দা তথ্য সত্য হলে এবং চীন ইরানকে সহায়তা করলে তারা বড় ধরনের সমস্যার মুখে পড়বে।” আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের কথা থাকলেও এই হুঁশিয়ারি দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করল।