সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) প্রাণ হারিয়েছে আরও ১০ শিশু। এর মধ্যে ৬ জন উপসর্গ নিয়ে এবং ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সরকারিভাবে ২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
সংক্রমণের হারও দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহভাজন লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৬৮ শিশু। সব মিলিয়ে দেশে বর্তমানে আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯। এছাড়া লক্ষণ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ২২৫ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ শিশু।