রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় এখন থেকে সরকারি সকল সভা, সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এবং যানবাহনের জ্বালানি খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা থেকে কর্মকর্তাদের অনলাইনে যুক্ত হতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন সম্পূর্ণ পরিহার করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।