রবিবার, ১০ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
স্বৈরাচারের প্রেতাত্মা এখন বর্তমান বিরোধী দলের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, বিএনপি সরকারের জনকল্যাণমুখী কাজ যেমন—খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পেশাদার খেলোয়াড় তৈরির উদ্যোগে যারা বাধা সৃষ্টি করবে, জনগণকে সাথে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি প্রশ্ন তোলেন, স্বৈরাচারের ভূত কাদের ওপর আছর করছে এবং কারা দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
জুলাই সনদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, ড. ইউনূসের আহ্বানে সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপিই প্রথম জুলাই সনদে সই করেছিল। সেই সনদের প্রতিটি শব্দ ও লাইন ইনশাআল্লাহ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।