সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসেছিল তারকার মেলা। দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, সিনেমা প্রদর্শন ও নাট্য মঞ্চায়নের পাশাপাশি ভক্তদের জন্য ছিল বিশেষ চমক—জনপ্রিয় সিনেমা ‘অজ্ঞাতনামা’কে এবার মঞ্চ নাটকে রূপান্তরের ঘোষণা দিয়েছেন তৌকীর আহমেদ।
সকাল ১১টায় পিন্টু ঘোষের গানের সুরে শুরু হওয়া এই অনুষ্ঠানে মামুনুর রশীদ, আবুল হায়াত, আফজাল হোসেনসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজন উপস্থিত ছিলেন। তৌকীর আহমেদ জানান, ‘অজ্ঞাতনামা’র মানবিক গল্পকে নতুন আঙ্গিকে মঞ্চে তুলে ধরার পাশাপাশি তিনি নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন। অনুষ্ঠানের শেষভাগে তার নির্দেশিত নাটক ‘তীর্থযাত্রী’ মঞ্চস্থ হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস জাগিয়ে তোলে।