মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
উপজেলা পর্যায়ে অফিস বরাদ্দ পাওয়ায় সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সংসদ সদস্যদের জন্য গাড়ি বরাদ্দের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, “উপজেলায় আমাদের বসার ব্যবস্থা হয়েছে, এখন একটি গাড়ির ব্যবস্থা করে দিলে জনগণের কাছে পৌঁছানো আরও সহজ হতো।” তিনি উল্লেখ করেন, ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ি থাকলেও এমপিদের জন্য এমন কোনো সুবিধা নেই। অনেক সময় ভাড়ায় চালিত গাড়িতে নির্বাচনি এলাকায় যেতে হয়, যা লোকলজ্জার কারণে কাউকে বলাও যায় না।
এই দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের অতিরিক্ত সুযোগ-সুবিধা বা বিলাসিতা পরিহার করার অনুশাসন দিয়েছেন। এমনকি সংসদ সদস্যদের শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি সুবিধাও বাতিলের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি তেল ও সরকারি লোন সুবিধাও সীমিত করা হয়েছে। তবে সংসদ সদস্যের দাবির বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর নজরে আনার আশ্বাস দেন।
আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কিছুটা রসিকতা করে বলেন, “তরুণ সদস্যদের আবদারে সবসময় ‘না’ বলতে নেই।” তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক নেতিবাচক অবস্থানে বিস্ময় প্রকাশ করে বলেন, ইতিবাচক খবরের আশায় তিনি মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি নিলেও মন্ত্রীর বক্তব্যে কিছুটা ‘হোঁচট’ খেয়েছেন। তার এই মন্তব্যে সংসদ অধিবেশনে হাস্যরসের সৃষ্টি হয়।